ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়ে এক আয়কর আইনজীবী তাঁর ডান চোখ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ জুন) গভীর রাতে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায়।
আহত শ্যামল চন্দ্র দাস (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার একজন আয়কর আইনজীবী। তাঁর সহকর্মী ও ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা জানান, পারিবারিক একটি কাজে সোমবার সকালে তাঁরা একসঙ্গে ঢাকায় গিয়েছিলেন। কাজ শেষে রাতে চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেসে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন।
রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে সরাসরি শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গেই তাঁর চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছালে তাঁকে দ্রুত নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থার গুরুতরতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
পরদিন মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত তাঁর চোখে অস্ত্রোপচার চলে। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর ডান চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম। তিনি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে আনুষ্ঠানিক অভিযোগ এখনও জমা পড়েনি।

