বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়েতে বিত্তবৈভবের অপ্রয়োজনীয় প্রদর্শনীতে বিপুল অর্থের অপচয় হয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব আয়োজনের পেছনে ব্যাপক অর্থ ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথির জন্য খাবার পরিবেশন করা হলেও এর বড় একটি অংশ অপচয় হয়।
তিনি বলেন, আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই ধারণা পুনর্বহাল করে ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর নির্ধারণের প্রস্তাব করছি।
বিএনপির এই নেতা আরো বলেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অপচয় নিয়ন্ত্রণ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে। এতে এসব পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

