সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। আজ শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি সংসদে উপস্থাপন করেন। প্রস্তাবিত সংশোধনীতে সাইবার সুরক্ষা আইনের ২০ নম্বর ধারা বাতিলের কথা বলা হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সাল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়ন করা হয়। ওই আইনের ২০ নম্বর ধারায় সাইবার স্পেসে জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ ও শাস্তির বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ শীর্ষক একটি পৃথক বিল এনেছে। ফলে একই বিষয়ের বিধান সাইবার সুরক্ষা আইনে রাখার প্রয়োজন না থাকায় ২০ নম্বর ধারা বিলুপ্ত করার প্রস্তাব আনা হয়েছে।

