সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’— এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে— এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য পুলিশের কাছে নেই।
এ এইচ এম শাহাদাত হোসাইন আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এমন গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তাই যাচাই না করা তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি জানান, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

