পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ডসংক্রান্ত বিধানে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে অপরাধের জন্য শাস্তি, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ ছিল বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ উদ্দেশ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ভাতাভোগীদের তালিকা পুনর্যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
আগামী অর্থবছরে বাড়তে পারে প্রবীণ ভাতা:
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ প্রবীণ মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। এ খাতে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে প্রবীণ ভাতার উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ করার পাশাপাশি মাসিক ভাতা ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা।
বিধবা ও প্রতিবন্ধী ভাতাও বাড়ানোর পরিকল্পনা:
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীকে মাসে ৭০০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। এ জন্য ২ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২৯ লাখ উপকারভোগী মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন।
এ ছাড়া আগামী অর্থবছরে ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতার আওতায় রাখার পরিকল্পনা রয়েছে। তাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ খাতে সম্ভাব্য বরাদ্দ ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ লাখ টাকা।
নারী-প্রধান পরিবারে দেওয়া হয়েছে প্রায় ৭০ হাজার ফ্যামিলি কার্ড:
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় তিন ধাপে ৫৬টি ইউনিটে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। ফলে ভবিষ্যতে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ:
অন্যদিকে, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ।
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে নতুন অধ্যায়ের সূচনা হবে।

