বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী।
গত শুক্রবার (২৬ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে শনিবার (২৭ জুন) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করলে নতুন নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হয়।
নির্বাচনের ফল অনুযায়ী সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. আফশান আনিস। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. মুসা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল কবির।
এছাড়া ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহীদ, মো. ইসমাইল হোসেন, মো. সজিব আলী এবং নাদিম হোসেন।
নির্বাচন কমিশন ২০২৪–২০২৬ মেয়াদের বিদায়ী নির্বাহী কমিটি, নির্বাচন আপিল কমিটি, প্রার্থী, ভোটার এবং সদস্যদের প্রতি একটি অবাধ, সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনে সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নবনির্বাচিত কমিটি জানিয়েছে, আগামী দুই বছরে দেশে পেশাদার গলফের প্রসার, পেশাদার গলফারদের কল্যাণ নিশ্চিত করা, প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি, তরুণ প্রতিভা গড়ে তোলা এবং বিপিজিএর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা কাজ করবে।

