প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় (সিটি কর্পোরেশন এলাকা বাদ দিয়ে) মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার মঞ্জুরি বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই বরাদ্দের মাধ্যমে স্থানীয় ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন করা হবে এবং সংশ্লিষ্ট এলাকার জনগণ এর সুফল পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ধর্মীয় ও জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

