দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, মোট মৃত্যুর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ৬২৩ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে একই সময়ে ১৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৫১ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জনে। স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

