জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে বিসিএস পরীক্ষাতেও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মবিরোধী একাধিক আলোচিত অনুসন্ধান পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আহসান হাবিবের নেতৃত্বে এনবিআরের চলমান সংস্কার কার্যক্রম, কর আহরণ বৃদ্ধি এবং কর প্রশাসনের আধুনিকায়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

