গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একসঙ্গে ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ১৬ জন শিক্ষককে এবং সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও পিএইচডি স্কলারশিপ-সংক্রান্ত অনিয়মের অভিযোগে আরও একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে জানানো হয়, গত ২৩ জুন অনুষ্ঠিত ৪৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাছুটিতে বিদেশে থাকা ১৬ শিক্ষককে বারবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা সাড়া দেননি। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা সব অর্থ বিধি অনুযায়ী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তার বিরুদ্ধে পিএইচডি স্কলারশিপ-সংক্রান্ত অনিয়মের অভিযোগে গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করে।
তদন্তে দেখা যায়, শিক্ষাছুটি শেষে দেশে ফিরে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন, থিসিস ডিফেন্স এবং ফেলোশিপ-সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক লিখিত চিঠিরও কোনো জবাব দেননি বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া আর্থিক সুবিধাও বিধি অনুযায়ী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

