মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা নিজেই পরিচালনার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশনও চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন এবং নিজের মামলা নিজেই লড়ুন। তিনি দাবি করেন, দেশে ফিরতে চাওয়ার বিষয়টি কেবল ‘স্টান্টবাজি’। তার ভাষায়, সাহস থাকলে শেখ হাসিনার উচিত দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া। ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞ-সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। এসব মামলার মধ্যে শাজাহান খান, আমির হোসেন আমু এবং বিচারপতি মানিকের নামও রয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।

