বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এ নিয়োগের মাধ্যমে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিসির নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালনের জন্য নাহিদ সুলতানা মল্লিকের চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারের এ প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ দুটি পদে পরিবর্তন আনা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

