নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে খাদ্য মন্ত্রণালয়ে বদলির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের মতোই নরসিংদীতে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মাহমুদা বেগমকে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলির আগের আদেশ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টার নির্দেশনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহমুদা বেগম নরসিংদীতে দায়িত্ব পালনকালে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণ কার্যক্রমে অনিয়ম ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখে আলোচনায় আসেন। সংশ্লিষ্টদের দাবি, তার তদারকির কারণে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয় এবং বিতর্কিত কিছু প্রক্রিয়া বন্ধ হয়ে যায়; প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের তোপের মুখে পড়েন এই কর্মকর্তা।
এদিকে স্থানীয়ভাবে প্রচলিত অভিযোগ অনুযায়ী, জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সক্রিয় একটি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে তাকে নরসিংদী থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ে পদায়নের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়।
এরই ধারাবাহিকতায় সরকার পুনর্বিবেচনা করে বদলির আদেশ বাতিল করেছে। ফলে মাহমুদা বেগম নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

