বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আবেদনে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার আওতায় একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, বিয়ের তারিখের এক বছর পর দেনমোহর পরিশোধের ক্ষেত্রে তার মূল্যায়ন, আদায়ের পদ্ধতি এবং প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ করা উচিত। এর মাধ্যমে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারায় থাকা অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও রিটে তুলে ধরা হয়েছে।

