এম এস রহমান, পাবনা প্রতিবেদক—
পাবনার ঈশ্বরদীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ ৭ জনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
রবিবার (০৫ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদীর কাঠালবাড়ীয়া গ্রামের সজীব মণ্ডল (২৭), চর সলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আওতাপাড়া বাজারের এনসিডিপি গয়ার্স মার্কেটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৭ জনকেই আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সেখানে একত্রিত হয়েছিল এবং অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। তবে তারা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

