সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের হালনাগাদ তথ্য সংগ্রহে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী তথ্য প্রস্তুত করে নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
তথ্যছকে পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং পুরুষ ও নারী সহকারী শিক্ষকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি কতজন শিক্ষক দুই বছর পর্যন্ত এবং কতজন দুই বছরের বেশি সময় ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেটিও পৃথকভাবে উল্লেখের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত শিক্ষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, শিক্ষক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।

