রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশালে সরকারি সফরে যাচ্ছেন ১৩ জুলাই। ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কীর্তনখোলা নদীর অপর পাড়ে চরকাউয়া এলাকায় সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারী নির্দেশনা এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে পূর্ব নির্ধারিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মত তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফ্রেুব্রয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলসপার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।
১৯৭৮ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে চরকাউয়া এলাকার এখালটি খনন করেছিলেন। এরপরে দীর্ঘদিন কোন ধরনের সংস্কার না হওয়ায় খালটি মজে গিয়ে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি করেছিল।
গত অক্টোবরে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে বরিশালের তৎকালীন জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন সরেজমিনে মজে যাওয়া খালটি পরিদর্শন করে বিএডিসি’র একটি প্রকল্পের আওতায় পুণঃ খননের নির্দেশ দেন। প্রায় ২ হাজার ৭শ মিটার দৈর্ঘ এবং ১০ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীর এ খালটি খনন করতে গিয়ে প্রায় ১২ লাখ ঘন মিটার পলি ও মাটি অপসারন করতে হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুলাই বরিশাল সফরকালে সদ্য পুণঃ খননকৃত খালটি পরিদর্শন সহ এর দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে সরকারপ্রধানের এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও উন্নয়ন বিশ্লেষকদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এই অঞ্চলের মেগা প্রকল্পগুলো এখন দ্রুত আলোর মুখ দেখবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে বিবেচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা সৈকতকে যুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, সেটিও এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে দলীয়ভাবে সফরটি সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর মহড়া পরিদর্শন শেষে বরিশাল নগরে আসবেন তিনি। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক কিংবা গ্র্যান্ড পার্কের আশপাশে এ কর্মসূচি হতে পারে।
পরে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল নগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, বিকেলে কর্মিসভায় জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। বৃষ্টির কারণে সভাটি ইনডোরে আয়োজন করা হচ্ছে। এ ছাড়া আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।
তিনি বলেন, বরিশালের মানুষের দীর্ঘদিনের দাবি ছয় লেন সড়ক, রেললাইন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ ও ইপিজেড বাস্তবায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রী জানেন। সুযোগ অনুযায়ী এসব বিষয় তুলে ধরা হবে।

