দেশে ও বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের ওপর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বিএফআইইউ প্রধান বলেন, জব্দ করা সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছে প্রায় ৫৭ হাজার কোটি টাকা। আর দেশের বাইরে থাকা প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদও জব্দের আওতায় আনা হয়েছে।
তিনি জানান, দেশ থেকে পাচার বা অবৈধভাবে সরিয়ে নেওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে অগ্রগতির আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ সম্পদ উদ্ধারের বিষয়ে ভালো খবর দেওয়া সম্ভব হতে পারে।
ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, বিএফআইইউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দল-মত বিবেচনা করে না। আর্থিক লেনদেনে সন্দেহজনক কিছু পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, “সন্দেহজনক মনে হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলেও তা তদন্তের আওতায় আসবে।”
তিনি আরও জানান, আর্থিক অনিয়ম ও অর্থপাচার প্রতিরোধে বিএফআইইউ নিয়মিতভাবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত ও উদ্ধারে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

