বাংলাদেশের আবাসন খাতকে আরও আধুনিক ও টেকসই করতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাতীয় ভবন বিধিমালার কার্যকর বাস্তবায়ন, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং উন্মুক্ত স্থান ও পার্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে দেশটি। পাশাপাশি ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন, জাতীয় ভবন বিধিমালার বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত স্থান ও পার্ক উন্নয়নসহ উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনার একপর্যায়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন খাতের উন্নয়নে অংশ নিতে আগ্রহী এবং এ ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দেশে ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করতে ‘বাংলাদেশ ভূমিকম্প নিরাপত্তা ও গবেষণা প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তারা সহায়তা করবেন।
সৌজন্য সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্য এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

