প্রায় ৯ দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন স্পট। আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং ঝুঁকি কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটনকেন্দ্রগুলো আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে বর্ষা মৌসুম চলমান থাকায় ভ্রমণের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সময় সময় প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ৭ জুলাই টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের আশঙ্কা এবং বিভিন্ন সড়কে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ জেলার পর্যটনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় ৯ দিন পর প্রশাসনের সিদ্ধান্তে আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি এবং উপজেলার অন্যান্য পর্যটনকেন্দ্র। এখন থেকে পর্যটকরা আগের মতোই এসব স্থানে ভ্রমণ করতে পারবেন, তবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

