এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনের আড়ালে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করার অপচেষ্টা হয়েছে। তবে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তদন্ত করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এসব সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট হয়েছে। তাঁর ভাষ্য, বিষয়টি নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের সংখ্যা খুব বেশি নয়। তাই সরকার এ ধরনের বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় আন্দোলনের মুখে সচিবালয়ে প্রবেশ, পরীক্ষা স্থগিত এবং পরীক্ষা ছাড়াই পাসের মতো ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, তখন সরকার পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি।
বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনই সরকারের লক্ষ্য। অতীতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করছে।

