সরকারি প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আগে দেওয়া নির্দেশনা অনুসরণ করে কোনো ধরনের পদক্ষেপ না নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগের এক উপসচিবের স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন সচিবের কাছে পাঠানো হয়। সেখানে ৯ জুলাই জারি করা আগের নির্দেশনার ভিত্তিতে আর কোনো কার্যক্রম এগিয়ে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।
গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।
সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সীমিত সরকারি সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এ ব্যয় কমানোর সুযোগ রয়েছে। পাশাপাশি বলা হয়েছিল, এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা সরকারি সুবিধার আওতায় গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পান। ওই ঋণে কেনা গাড়ির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার তাদের প্রতি মাসে ৫০ হাজার টাকা প্রদান করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই ব্যয় অর্ধেকে নামানোর উদ্যোগ আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না।

