কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ার পর সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ দুর্বল হয়ে ধসে পড়ে। পরে ধসে পড়া মাটি পাশের একটি শেল্টারের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মাটিচাপা পড়লে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে তারা মাটির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার করেন।
পাহাড়ধসে সমি উল্লাহর মেয়ে বিবি হাফসা (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। একই ঘটনায় নুরুল ইসলামের তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদ আহত হয়েছে। তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পাহাড়ধসের পর স্থানীয়রা আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়াকেই প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সতর্ক থাকার জন্য নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এপিবিএন সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় রোহিঙ্গারা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি মাসে রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে টানা বৃষ্টি ও পৃথক পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৬ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

