রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—
বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজের ঢালাইয়ের কাজ ধসে পড়েছে। ফলে কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজে বুধবার দুপুরে এ ঢালাই ধসের ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশ্যে আসে।
গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে ব্রিজ নির্মাণের দরপত্র বিজয়ী হয় ডায়নামিক আইটি শপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে আবুল ফয়েজ শরীফ নামের এক ঠিকাদার মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে ব্রিজ নির্মাণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজ নির্মাণে পাটাতন (সাটারিং) তৈরিতে পুরোনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করে পানির মধ্যে সাটারিং তৈরি করা হয়।
ওই সাটারিংয়ের ওপর বুধবার দুপুরে ব্রিজের ঢালাই দেওয়া হয়। এতে ঢালাইয়ের চাপ সহ্য করতে না পেরে ঢালাইসহ পাটাতন খালের মধ্যে ধসে পড়ে।
ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, নিচের স্ট্রাকচার ভালো না থাকায় ঢালাই দেওয়ার শুরুতেই সাটারিং ভেঙে পড়েছে। এটি আবার পুনরায় সাটারিং করে ঢালাইয়ের কাজ করা হবে।
গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, আমাদের কাউকে না জানিয়ে ঠিকাদার ঢালাই দিয়েছেন। এখন শুনেছি, সেটি খালের মধ্যে ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, কাজের গুণগত মানে কোনো ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

