বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সহকারী জজ পদে মোট ২৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা:
সহকারী জজ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে প্রার্থীর ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা:
২০২৬ সালের ১ জুলাই অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
নিয়োগপ্রাপ্ত সহকারী জজরা ‘জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬’ অনুযায়ী ৩০ হাজার ৯৩৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও বিভিন্ন ভাতাও প্রযোজ্য হবে।
তিন ধাপে হবে নিয়োগ পরীক্ষা: সহকারী জজ পদে চূড়ান্তভাবে নির্বাচিত হতে প্রার্থীদের তিনটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রাথমিক পরীক্ষা: প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। সম্ভাব্যভাবে ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
লিখিত পরীক্ষা: প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ১ হাজার নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভাইভায় পাস নম্বর ৫০। নিয়োগ পরীক্ষার সব ধাপই ঢাকা মহানগরের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘BJSC Form I’ পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করতে প্রার্থীকে ১ হাজার ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে।

