বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মো. রেজানুর রহমানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
তবে প্রজ্ঞাপনে তাঁর এই বদলি বা সংযুক্তির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

