শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবিরের আদালত নতুন এই তারিখ ঠিক করেন। দুদকের কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা শেয়ারবাজারে অবৈধভাবে জল্পনামূলক লেনদেন, জুয়াসদৃশ কার্যক্রম এবং বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া নিজেদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে একাধিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব কার্যক্রমের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, বিনিয়োগকারীদের মোট ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তদন্ত শেষে দুদক প্রতিবেদন জমা দিলে পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

