মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের করা ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
এর আগে ২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আলোচক। ওই ঘটনার পর পুলিশ তাকে এবং আরও ১৫ জনকে হেফাজতে নেয়।
পরদিন শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ২০২৫ সালের ৬ নভেম্বর তিনি কারামুক্ত হন।
তবে জামিনে থাকা অবস্থায় এবার শাপলা চত্বরের সমাবেশ ঘিরে দায়ের করা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার করা হলো।

