আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকাই থাকবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জুলাই মাসেও একই দাম কার্যকর ছিল।
অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম ৩০ জুলাই রাত থেকেই কার্যকর হয়েছে।
এর আগে জুলাই মাসে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১০৯ টাকা ১০ পয়সা ছিল। নতুন সিদ্ধান্তে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানির দাম আরও কমানো হলো।

