রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের প্রথম তলায় একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যাওয়ায় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি সন্দেহজনক বস্তা উদ্ধার হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে এ দুটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান শুরু করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর দুপুর ১২টার দিকে পুলিশ মিরপুর-১০ স্টেশন এলাকায় পৌঁছে নিরাপত্তা বলয় গড়ে তোলে।
তিনি বলেন, সন্দেহজনক ব্যাগটি উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুপুর ১টা ১০ মিনিটে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত স্টেশনটি বন্ধ ছিল।
ঘটনাস্থলে পৌঁছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
মোস্তাক আহমেদ বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে, এটি বিস্ফোরক নাকি অন্য কোনো বস্তু।’
এদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পাশেও একটি পিলারের কাছে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ঘটনাটি জানার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বস্তাটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।’
দুই স্থানেই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

