এম এস রহমান,পাবনা প্রতিনিধি—
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে।
নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের পর দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি, মদ্যপ অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় এ ঘটনা ঘটেছে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

