ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: দ্য হিন্দু
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালানটির প্রাথমিক পরীক্ষায় চাল খাওয়ার উপযোগী বলে ছাড়পত্র দেওয়া হয়। তবে পরবর্তী বিস্তারিত পরীক্ষায় দেখা যায়, চালের গুণগত মান নির্ধারিত মানদণ্ডের তুলনায় অনেক নিচে। এ অবস্থায় চালানের ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস হওয়ার পর অবশিষ্ট অংশ নিয়ে আপত্তি ওঠে এবং শেষ পর্যন্ত পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
জানা গেছে, আন্তর্জাতিক একটি টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে আমদানি করা হয়েছিল।
বাণিজ্য খাত-সংশ্লিষ্টদের মতে, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও এ পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখতে পারে। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

