চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম।
নওফেলের ভাই অভিযোগ করেছেন, তাদের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন তরুণ ও যুবককে দেখা গেছে। তারা সেখানে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির সামনে থাকা একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা চলে যায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জের ধরেই নওফেলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে।
এর আগে একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

