জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ‘কঠিন’ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
দিনাজপুর-১ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল। আসল মার তো শুরুই হয়নি।’
তিনি আরও বলেন, ‘একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য।’
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মনজুরুল ইসলামের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যেসব মন্তব্য করছেন, তা বাকস্বাধীনতার সীমা লঙ্ঘন করছে।
তিনি বলেন, ‘সে শুধু প্রধানমন্ত্রীই নয়, তার স্ত্রী ও কন্যাকে নিয়ে যখন কথা বলে, তখন আমরা সহ্য করতে পারি না। কারণ তারা তো এটার কোনো অংশ না। অথচ প্রতিনিয়ত পাটওয়ারী এটা করছেন। “ফ্রিডম অব স্পিস” কী! এটা “ফ্রিডম অব স্পিস” নয়।’
তারেক রহমানের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন… বিশ্বাস করুন আপনারা, আমরা যেটা সহ্য করতে পারি না, সেটি উনি (পাটওয়ারী) করছেন। উনার (তারেক রহমান) সম্পর্কে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করছে পাটওয়ারী, তুষার…।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেটে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে নূর হোসেন নামের এক প্রবাসী নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন এবং ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগ তোলেন।
তার এমন অভিযোগের পর বিএনপির নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আমরা সকলেই সোচ্চার ছিলাম ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে। এ নিয়ে বাকবিতণ্ডার কোনো অবকাশ থাকতে পারে না।’

