মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। নতুন করে দায়িত্ব বণ্টনের পরও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বহাল থাকবেন বলে জানা গেছে।
মন্ত্রিসভায় সম্ভাব্য এই রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী করার আলোচনা চলছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।
এ ছাড়া বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে। মন্ত্রিসভার রদবদরের অংশ হিসেবে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে জানা গেছে।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

