মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার মূল্যের স্বাস্থ্য সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম সরবরাহ করা হবে, যার আওতায় প্রত্যন্ত ও দুর্গম এলাকাও রয়েছে।
সোমবার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণে ব্যবহৃত কয়েকটি মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে নবজাতকদের উষ্ণ রাখার বিশেষ যন্ত্র, শ্বাসপ্রশ্বাসে সহায়তার সরঞ্জাম, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য পুষ্টিকর থেরাপিউটিক খাবার এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত অংশীদার প্রতিষ্ঠান এফএইচআই ৩৬০, ঝেপিগো, জেএসআই এবং ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাস বলেছে, এই সহায়তার মূল লক্ষ্য বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং দেশের সব অঞ্চলের মানুষের জন্য মানসম্মত মাতৃ, নবজাতক ও শিশুসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত করা।
দূতাবাসের মতে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবন ও সক্ষমতাকে কাজে লাগানোর লক্ষ্যও রয়েছে এই উদ্যোগে। এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
মার্কিন দূতাবাস জানিয়েছে, সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

