শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই। সবকিছু বিবেচনা করে রোজার পরই পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, সব দিক বিবেচনা করেই রোজার পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ খাতের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে সরকার অবগত রয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের বিষয়টি সমাধানে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ খাতে দেশটির সাফল্যও রয়েছে। চীনের সেই অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, তা জানতে দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে চীনের অনেক কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

