এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার পরিকল্পনা করছে সরকার। চলতি বছর জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে এই উপহারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে তাদের ট্যাব দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও মনোযোগী হয় এবং ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হয়, সে লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
শিক্ষামন্ত্রী আরও জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে। তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণির ছাত্রীদের উৎসাহিত করতে ‘গোলাপি সাইকেল’ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের স্বীকৃতি এবং মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়ানোর মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য রয়েছে সরকারের।

