বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া উইং আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মির্জা আব্বাস ও তাঁর পরিবারের সদস্যরা দেশে পৌঁছেছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল।
চিকিৎসা শেষে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে ফিরেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

