বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় আহত এক পথচারী নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও সামান্য আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নিহত নারীর নাম ফিরোজা বেগম (৬৫)। তিনি উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের স্ত্রী। দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় রাস্তা পার হওয়ার সময় বা সড়কের পাশে থাকা ফিরোজা বেগম আহত হন।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়। দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে তার স্ত্রী সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পর তারা জয়পুরহাটের কালাই উপজেলায় নিজেদের বাসভবনে অবস্থান করছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সড়কের পাশের ধানখেতে নেমে যায়।
পরে আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

