দেশে চলমান হাম প্রাদুর্ভাব পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে তিনজনকে সন্দেহভাজন এবং একজনকে চিকিৎসাগতভাবে নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জনে। আর নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০০ জন।
সর্বশেষ সন্দেহভাজন মৃত্যুর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন দুজন। অন্য দুজনের মৃত্যুর তথ্যও স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবের মধ্যে যুক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩টি সন্দেহভাজন হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
একই সময়ে আরও ৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলমান হাম প্রাদুর্ভাবের মধ্যে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে।

