চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের পরিস্থিতি থেকে জানা যায়, হামলার সময় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। স্টুডিওর নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর সরেজমিনে দেখা যায়, স্টুডিওর কক্ষের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বেশ কিছু আসবাব ও সরঞ্জাম ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে স্টুডিওর বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি মূলত জায়গা দখলকে কেন্দ্র করে ঘটেছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ইসিবি চত্বরের একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

