দেশের চলমান জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি হওয়া জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান।
বিএনপি সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছে এবং কখনো গুপ্ত অবস্থান থেকে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি—এমন দাবি করে দলটির চেয়ারম্যান প্রশ্ন তোলেন, ‘গুপ্তদের মধ্য থেকে কি কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে? তা হলে তারাই কি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। স্বৈরাচার কি আবার গুপ্তদের মাঝে গুপ্ত হয়ে আছে? একজন আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে?’
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।
মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

