জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন বাংলাদেশের ভাবনা তুলে ধরা হবে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিশ্বশান্তি, সংঘাত নিরসন, টেকসই সমাধান, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
জলবায়ু নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্ব, মানুষের অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েও প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে কথা বলবেন বলে জানান হুমায়ুন কবির।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিশ্বনেতার বৈঠক হতে পারে। তবে কার কার সঙ্গে এসব বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বহুপক্ষীয় সম্মেলনের সময় এ ধরনের বৈঠক অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে নির্ধারিত হয়।

