আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি স্পষ্ট করে বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচন কোন আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে—এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত সংশ্লিষ্ট আইনে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত না হলে বিদ্যমান আইন অনুসরণ করেই তারা স্থানীয় নির্বাচন সম্পন্ন করবেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গত রোববার থেকে নির্বাচন কমিশনের একটি বৈঠক চলছে, যা সোমবারও অব্যাহত রয়েছে। এই বৈঠক চলাকালীন সময়েই সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব তথ্য জানান।

