দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার-টু-সরকার ব্যবস্থায় মোট ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে। সরকারি পর্যায়ে সরাসরি চুক্তির মাধ্যমে এসব জ্বালানি সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এই আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
পরিবহণ ও শিল্প খাতে জ্বালানির বাড়তি চাহিদা মেটানোর পাশাপাশি বিমান চলাচলের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই অতিরিক্ত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষ চার মাসে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রাখাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বছরের শেষ সময়ে জ্বালানি সরবরাহে ঘাটতি এড়ানো এবং বিভিন্ন খাতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ আরও জোরদার হবে।

