কারিগরি ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ইউনিটটি পুনরায় চালু করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, দ্বিতীয় ইউনিটের ত্রুটি দ্রুত ঠিক করতে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ করা হয়েছে। মেরামত শেষে রোববার ইউনিটটি উৎপাদনে ফেরে।
তিনি বলেন, দ্বিতীয় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৫০০ মেগাওয়াট। রোববার দুপুর ১২টার দিকে চালু হওয়ার পর ইউনিটটি জাতীয় গ্রিডে ৩৬৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে।
অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।
এর আগে ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে আসে। আট দিন পর ইউনিটটি চালু হওয়ায় কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা আবার বাড়ল।

