২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নিতে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্র ও শনিবার সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় যথাসময়ে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই হজের নিবন্ধনের অর্থ নেয় এমন সব ব্যাংকের শাখা ওই দুই দিন খোলা রাখা প্রয়োজন।
এ ছাড়া ওই দুই দিন অফিস সময়ের পরও জমাদানকারী উপস্থিত থাকা পর্যন্ত নিবন্ধনের অর্থ গ্রহণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

