ভ্যাপসা গরমের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এতে চলমান গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে দেশের বেশ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকার কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির পরিধি আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময়ে রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির এই সম্ভাবনা স্বস্তি এনে দিতে পারে।

