ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খলঅভিনেতা শিবা শানু এবার যুক্ত হচ্ছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্বে তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দ্বিতীয় গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে শিবা শানুকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছর তাঁকে দায়িত্ব পালন করতে হবে এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ঢাকাই চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত থাকলেও রাজনীতি ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন এই অভিনেতা। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্ত থাকায় শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো পরিষ্কার নয়।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শিবা শানু। পরবর্তী সময়ে অসংখ্য চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে শিবা শানুর। নতুন দায়িত্বে তাঁর এই অভিজ্ঞতা শিল্পীদের কল্যাণে কতটা কাজে আসে, এখন সেদিকেই নজর থাকবে চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের।

